লতার জন্মদিনে আশার অশ্রুসিক্ত স্মৃতিচারণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

আজ ২৮ সেপ্টেম্বর উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯৬তম জন্মদিন। যদিও তিনি এখন আর এই দুনিয়ায় নেই। তবুও তার গানের জাদু, কণ্ঠের মাধুর্য আর সংগীতসাধনা আজও কোটি মানুষের হৃদয়ে একইভাবে বেঁচে আছে। এই বিশেষ দিনে লতার ছোট বোন, প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে একান্ত আলাপচারিতায় দিদির সঙ্গে কাটানো অমূল্য মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন। 

আশা ভোঁসলে জানান, 'লতাদিদি' শুধু তার বড় বোনই ছিলেন না, ছিলেন মাতৃসম স্নেহময়ী অভিভাবক। তিনি বলেন, ‘আমাদের দু’জনের সম্পর্ক ছিল একেবারে বিশুদ্ধ। আমি ওঁকে ভীষণ মিস করি। ছোটবেলায় তিনি আমাকে কোলে নিয়ে ঘুরতেন, আমাকে কখনওই একা ছেড়ে যেতেন না। সেই শৈশবের স্মৃতিগুলো আজও চোখে ভাসে। দিদি ছিলেন আমাদের পরিবারের মেরুদণ্ড।’ 

 লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে এই দুই বোনের সম্পর্ক ছিল ভারতীয় সংগীতের ইতিহাসে এক অনন্য অধ্যায়। যদিও তাদের ব্যক্তিগত জীবনে অনেক ওঠাপড়া ছিল। তবুও সংগীত জগতে তারা দু’জনেই নিজ নিজ জায়গায় অমর হয়ে আছেন। আশা বলেন, ‘আমাদের দিদি-বোনের সম্পর্ক কখনও বদলায়নি। দিদি ছিলেন সবসময় এক ধাপ উপরে, আমি তার ছায়াতেই বড় হয়েছি।’ 

গত বছর প্রকাশিত হয় আশা ভোঁসলের আত্মজীবনী। সেখানে তিনি জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন। যখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, লতা মঙ্গেশকর ও তার জীবনের ওপর যদি কোনও বায়োপিক তৈরি হয়, তবে কারা তাদের চরিত্রে অভিনয় করতে পারেন, তখন আশা এক চমকপ্রদ উত্তর দিয়েছিলেন। তিনি বলেন, ‘সত্যি বলতে কী, দিদি আর আমাকে নিজেকেই আবার জন্মাতে হবে, তাহলেই হয়ত সঠিকভাবে সেই চরিত্রে অভিনয় সম্ভব হবে। তবে বর্তমানের অভিনেত্রীদের মধ্যে কাজল, বিদ্যা বালান কিংবা তাবু হয়ত আমাদের চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন।’ 

লতা মঙ্গেশকরের জন্মদিনে আশার এই আবেগঘন স্মৃতিচারণ ভক্তদের চোখ ভিজিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও আজ তাকে নিয়ে ভক্তরা স্মৃতিচারণ করছেন, তার অমর গানগুলো শেয়ার করছেন। লতা মঙ্গেশকর ভারতীয় চলচ্চিত্র ও সংগীতের এক অমূল্য সম্পদ। তার কণ্ঠ ছাড়া হিন্দি চলচ্চিত্রের সোনালি যুগকে কল্পনাও করা যায় না। প্রায় ছ'দশকেরও বেশি সময় ধরে তিনি যে হাজারো গান উপহার দিয়েছেন, তা ভারতীয় সগীত ভাণ্ডারের এক অনন্য সম্পদ। অন্যদিকে আশা ভোঁসলেও তার স্বতন্ত্র ও বহুমুখী প্রতিভা দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত