ডা. ইকবাল মাহমুদ
হৃদরোগ বিশেষজ্ঞ
পার্কভিউ হাসপাতাল
চট্টগ্রামে আমরাই হার্টের রোগীদের ২৪ ঘণ্টা প্রাইমারি পিসিআই সার্ভিস দিয়ে থাকি। প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের পর ন্যূনতম সময়ের মধ্যে এনজিওগ্রাম করে বন্ধ রক্তনালি খুলে দেওয়ার
প্রক্রিয়া। এতে রোগীর হার্টের কর্মক্ষমতা পুনরায় ফিরে আসে এবং বাঁচে জীবন। একটি রোগী আমাদের জরুরি বিভাগে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তির ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করতে পারি। এখন রোগী দিন বা রাতের যেকোনো সময়ে কিংবা দেশে মহাদুর্যোগের মধ্যেও আমাদের এই সার্ভিস বন্ধ হয় না। গত বছর জুলাই আগস্ট মাসে দেশ জুড়ে চলমান বিপ্লবের সময়ও আমাদের হাসপাতালে আসা রোগীরা এই সময়ের মধ্যে সার্ভিস পেয়েছে। এমনকি কোরবানির ঈদের দিনও রোগী ভর্তির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গরু কাটা বাদ দিয়ে আমাদের টিম হাসপাতালে এসে হাজির হয়েছে।
একজন হার্ট অ্যাটাকের রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা যায় ততই তিনি সুস্থ থাকবেন। সময় ক্ষেপণ করে নিয়ে আসা হলে হার্টের সেলগুলো মরে যায় এবং তখন রিং পরিয়েও সুফল পাওয়া যায় না।
পুরুষ ও নারীর মধ্যে কারা বেশি হার্টের রোগে ঝুঁকিপূর্ণ এমন প্রশ্নের জবাবে ডা, ইকবাল মাহমুদ বলেন, বর্তমানে তরুণদের একটি বড় অংশ হৃদরোগে বেশি আক্রান্ত হচ্ছে। আর এতে পুরুষরাই বেশি। কারণ নারীদের মধ্যে বিশেষ এক ধরনের হরমোন থাকে। মেনোপজের আগ পর্যন্ত এই হরমোন নিঃসরণ হয় বলে তারা এই সময়ে হার্টের রোগ থেকে কিছুটা ঝুঁকিমুক্ত থাকে। তবে মেনোপজ বন্ধ হয়ে যাওয়ার পর পুরুষ ও নারী সমান ঝুঁকিপূর্ণ।
কিন্তু হাসপাতালগুলোতে বয়স্ক পুরুষ রোগী বেশি দেখতে পাওয়া যায় কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের সামাজিক ব্যবস্থার কারণে পুরুষরা অসুস্থ হলেই চিকিৎসকের স্মরণাপন্ন হই। কিন্তু নারীরা শারীরিক সমস্যার কথা তেমন বলে না, আবার অনেক সময় পরিবারে গুরুত্বও পায় না বার্ধক্য অবস্থায়। তবে তারাও কিন্তু ঝুঁকিতে রয়েছে।’
