কৃষি উপদেষ্টার পরিকল্পনা নিয়ে শঙ্কায় নাটোরের বিএফএ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নাটোর জেলা শাখার নেতারা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম বলেন, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন কৃষি উপদেষ্টা। সারাদেশে বিসিআইসি ও বিএডিসি মিলিয়ে ১০৮০০ ডিলার এবং হাজার হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসার বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমান অর্থ অনাদায়ী পড়ে আছে।

তিনি বলেন, সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানি ব্যয়, গুদাম ভাড়া, লেবার খরচ, কর্মচারীর বেতন, লোড-আনলোড খরচ, ইলেকট্রিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্ত সরকার উৎস কর ৫ শতাংশ ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। 

অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার নেতারা ও বিভিন্ন সার ব্যবসায়ীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত