পটুয়াখালীর দুমকিতে মুদি দোকানে চুরির অভিযোগে রমজান (১৪) নামের এক কিশোরকে হাত-পা বেঁধে ঝুলিয়ে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দোকানি জলিল সিকদার নামাজ পড়তে গেলে সুযোগে কিশোর রমজান দোকানে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে কিছু লোক কিশোরকে ধরে বেধড়ক মারধর করে এবং হাত-পা বেঁধে চালার সাথে উল্টো করে ঝুলিয়ে রাখে। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ নির্যাতন।
খবর পেয়ে দুমকি থানা পুলিশ কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি জানান, তার বিরুদ্ধে চুরির মামলা হয়েছে, পাশাপাশি নির্যাতনের বিষয়টিও তদন্ত হবে।
