‘তারেক রহমান জানেন কীভাবে মানুষের কাছে যেতে হয়’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, তারা যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। কীভাবে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে তা তারেক রহমান জানেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান।

গতকাল সোমবার রাতে তুরাগের কামারপাড়া পুরাতন বাজার এলাকায় সমস্যা সমাধান বিষয় সাধারণ মানুষের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানকার জনগণের দুর্ভোগের বিষয় উঠে আসে।

মোস্তফা জামান বলেন, ‘তারেক রহমান যে কয়টি উদ্যোগ নিয়েছেন, সব উদ্যোগ জনকল্যাণমূলক। প্রতিটি কাজে জনসম্পৃক্ততা রয়েছে। আপনারা জানেন, অধিকাংশ সময় আমরা উঠান বৈঠক করি। আর এসব উঠান বৈঠকে ওই এলাকার জনদুর্ভোগ উঠে আসে। আমরা সেই জনদুর্ভোগ নিয়ে কাজ করার চেষ্টা করি। ইতিমধ্যে উত্তরখান এলাকায় গ্যাসের সমস্যা নিয়ে আমরা কাজ করছি। তিতাস কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা অচিরেই সে সমস্যা সমাধান করবে বলে জানিয়েছেন। এ ছাড়া ওই এলাকায় বেশ কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়, সেখানে বিএনপির পক্ষ থেকে ট্রাফিক ট্র্যাকার বা স্বেচ্ছাসেবক দেওয়া হবে যাতে করে সড়কের শৃঙ্খলা বজায় থাকে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, রিপন হাসান খন্দকারসহ অন্য নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত