গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে অনৈতিক কাজ করতে বাধ্য করা ও শারীরিক নির্যাতনের অপরাধে স্বামীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ কাজে সহযোগিতা করে খদ্দের হওয়া অন্য ব্যক্তিকেও কারাদণ্ড দেওয়া হয়। মাদকের টাকার জন্য এমন কাজ করানোর অভিযোগ স্ত্রীর। পরে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
অভিযুক্ত স্বামীর নাম কামাল উদ্দিন (৪০)। অপর দিকে তার সহযোগী খদ্দের মানিক মিয়া (৩৫)। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ অভিযুক্ত স্বামীকে ৬ মাস এবং সহযোগীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভুক্তভোগী অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী নেশার টাকা যোগাগ করতে মাদক বিক্রির চাপ দেয়। তাতে রাজি না হলে অনৈতিক কাজ করতে চাপ দিতে থাকে। তাতেও রাজি না হলে চরম মারধর করতেন।
এদিকে সোমবার রাতে কৌশলে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাকে ঘরে পাঠিয়ে দেন কামাল উদ্দিন। পরে এ নিয়ে বাকবিতণ্ডা বাধলে অন্যরা টের পায়। পরে ওই ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তিনি থানায় অভিযোগ দেন। খবর পেয়ে পুলিশ তার স্বামী ও সহযোগীকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, শারীরিক নির্যাতনের অভিযোগে ওই নারীর আলাদা মামলার প্রক্রিয়া চলছে। এদিকে তার স্বামী ও স্বামীর সহযোগীকে মোবাইল র্কোটের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি মুহম্মদ আবদুল বারিক জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে আটক করা হয়। পরে তার তথ্য মতে তার অপর এক সহযোগীকে আটক করে মোবাইল কোর্টে পাঠানো হয়।
