বগুড়ায় আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়ে নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

মঙ্গলবার দুপুরে বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। 

আদমদীঘি উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ডালম্বা নামক স্থানে একটি আটা বোঝাই মিনিট্রাক, মোটরসাইকেল ও অটোচার্জার টমটমের ত্রিমূখী সংঘর্ষে এই ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলে আরও দুইজন আহত হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। 

আহতরা হলেন ছাতনী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও নিহতের স্বামী রমজান আলী (৩৮) ও টমটমের যাত্রী দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)। 

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা নামক স্থানে বগুড়া গামী একটি আটা বোঝাই মিনিট্রাক, নওগাঁ গামী একটি মোটরসাইকল ও বগুড়া গামী একটি টমটমের ত্রিমূখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও তার শিশু কন্যা মর্মান্তিক ভাবে নিহত হয়। 

স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশের যৌথ অভিযানে নিহত ও আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই মা ও মেয়েকে মৃত ঘোষনা করেন। আহতরা বর্তমানে আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহতদের লাশ আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত