নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে নরসিংদীর মনোহরদীতে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল। জানাজায় পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই মামুন ও লিমন এবং বড় মেয়ের জামাতা শফিকুল ইসলাম। জানাজা শেষে তাকে ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত সোমবার রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
