খুলনার দৌলতপুরে তানভীর হাসান শুভ নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মহেশ্বরপাশা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর হাসান শুভ (২৯) ওই এলাকার বাসিন্দা।
নিহতের পরিবারের বরাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, রাতে নিজ বাড়ির কক্ষে তানভীর গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে তার পরিবারের লোকজন শব্দ শুনে তার রুমে ছুটে আসে। এ সময় তারা তানভীরকে আহত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক তারা তানভীরকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুলি লেগেছে বলেন এবং ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে খুলনা সিটি মেডিকেল কলেজে নেওয়ার প্রস্তুতির সময় আনুমানিক সাড়ে ৭ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রাখা আছে।
