আড়াইহাজারে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নবী হোসেন নামে এক যুবক নিহত হয়েছে।  এ ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত নবী হোসেন (৩৫) উপজেলার উচিতৎপুরা গ্রামের লোকমান হোসেনের ছেলে।

স্থানীয় ও আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন জানান, রাতের অন্ধকারে ১৫-২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রসহ ইলিয়াস নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে কুলসুম নামের এক গৃহবধূসহ নাইম, আবুল ও ফারুক নামে আরও তিনজন আহত হন।

চিৎকার শুনে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের শতাধিক মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। এসময় এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত