লিটনকে মিস করবেন রশিদ, মুগ্ধ সাইফের প্রতিভায়

 

 
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম

এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন সাইফ হাসান। মিডল অর্ডারে অলরাউন্ডার ভূমিকায় তাকে দলে টানা হলেও এশিয়া কাপে তিনি ফিরে আসেন নিজের পুরনো ওপেনিং রোলে। ভ্কত ও দলের প্রত্যাশার জবাবটা ব্যাট হাতেই দিয়েছেন সাইফ। এবার সামনে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। সেটি জিতে নেওয়াই এখন তার লক্ষ্য। তার আগে প্রতিপক্ষ অধিনায়কের কাছ থেকে সমীহ পেলেন সাইফ।

ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে রশিদ খান বলেন, ‘সাইফ হাসানের প্রতি শ্রদ্ধা, আমি মনে করি সে এশিয়া কাপে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। তার ইন্টেন্ট খুব পরিষ্কার ছিল এবং চিন্তায় বেশ পরিষ্কার ছিলেন। একটি দুর্দান্ত প্রতিভা, বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্ত সন্ধান। আপনি যদি ইতিবাচক ইন্টেন্ট নিয়ে খেলেন এবং আপনি আপনার দক্ষতার উপর নির্ভর করেন এবং বিশ্বাস করেন যেখানে ফলাফল ইতিবাচক হয়। আমি মনে করি যে সে পুরো এশিয়া কাপে এটা করেছে। সে নিজেকে বিশ্বাস করেছিল এবং তার দক্ষতার উপর নির্ভর করেছিল এবং এভাবেই সে বাংলাদেশের জন্য পারফর্ম করেছে।’

সাইফের প্রতিভায় মুগ্ধ রশিদ এই সিরিজে মিস করবেন নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। বলেন, ‘তার অনুপস্থিতি অনুভূত হবে, যেমনটা আমরা এশিয়া কাপেও দেখেছি।’ এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল আফগানিস্তান। বৃহস্পতিবার থেকে শুরু করে দুই দলের সিরিজটি।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত