‘সংখ্যাগুরু-সংখ্যালঘু’ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়: শারমিন এস মুরশিদ

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম

সংখ্যাগুরু- সংখ্যালঘু শব্দটাই রাজনৈতিক। ঐক্যের বিপরীতে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই শব্দটা ব্যবহার করা হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

তিনি বলেন, এই সরকার একটি জিনিস অর্জন করতে চায়, আমাদের উৎসবগুলো যেন আর কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কোন মানুষের সংস্কৃতি, ঐতিহ্য বা সম্প্রদায়ের বিকাশে, প্রকাশে কোন অন্তরায় যেন না হয়। আমাদের দেশের সাধারণ মানুষ কখনোই এই উৎসব নিয়ে অরাজকতা করে না। কিন্তু এই উৎসবগুলোকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য থেকে কলুষিত করা হয়।

বুধবার (১লা অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। আলাপকালে, পূজা নির্বিঘ্ন করতে তার মন্ত্রণালয়ের ১ লক্ষ ৭৬ হাজার কর্মকর্তা কর্মচারী প্রতিনিয়ত পূজা মণ্ডপ পরিদর্শন  ও খোঁজ রাখছেন বলে জানান তিনি।

এরআগে উপদেষ্টা শারমিন এস মুরশিদ কুমুদিনী প্রাঙ্গণে পৌঁছলে তাকে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ তাকে স্বাগত জানান। এ সময় কুমুদিনী কর্তৃপক্ষের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত