নিহত যুবদল নেতা রাহুলের পরিবারের পাশে তারেক রহমান

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০৪ এএম

বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বগুড়ার কৈগাড়ী সিও অফিসসংলগ্ন বাসায় রাহুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমারের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় তিনি শোকাহত এ পরিবারের হাতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন। তার নির্দেশেই ‘আমরা বিএনপি পরিবার’ শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে।

সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংকালে আতিকুর রহমান রুমন নিহত রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, বিএনপি একটি শান্তপ্রিয় দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না। সবসময় সরকারকে সহযোগিতা করতে চায়। রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ ও রুবেল আমিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, শ্রমিক দল নেতা শামসুজ্জামান শামশু, বিএনপি নেতা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত