এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মান্না

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০৫ এএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিয়ে দিলে কোনো মামলা করব না।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানিয়েছেন।

মাহমুদুর রহমান মান্নার স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লিখেছে, অবশেষে এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক কোনো বাধাই অবশিষ্ট রইল না। নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে প্রথমে যখন আইনি বাধা দেখাল তখন এনসিপির লিগ্যাল উইং হাতে-কলমে ধরে ধরে বুঝিয়েছে যে এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। তখন নির্বাচন কমিশন হাজির করল রাজনৈতিক বাধা রয়েছে। এনসিপি বলল কী সেটা? তারা জবাবে বলল শাপলা প্রতীক আপনাদের আগে নাগরিক ঐক্য চেয়েছে। তাই শাপলা দিলে তাদেরকেই দিতে হবে।

এনসিপির প্রেস উইং আর লিখেছে, কিন্তু ‘আজ যখন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়ে দিলেন, এনসিপিকে শাপলা দিলে তাদের দল থেকে কোনো মামলা করা হবে না। তখন নির্বাচন কমিশন যে রাজনৈতিক বাধার কথা বলেছিল সেটিও আর থাকছে না। অর্থাৎ, শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতাই নেই।’

দলটি জানিয়েছে, ‘আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলতে চাই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখুন, স্বেচ্ছাচারিতা পরিহার করুন, দলীয় প্রভাব থেকে বের হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রতিষ্ঠান হয়ে উঠুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত