ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ‘প্রপোজিং পলিসিজ ফর সোশ্যাল ইনক্লুসিভিটি’ প্রতিপাদ্য নিয়ে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) দুই দিনের এ উৎসব আয়োজন করেছে।
প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল এবং বিভিন্ন স্কুল-কলেজের ১২টি দল এ বিতর্ক উৎসবে অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, নিয়মিত বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পাবে। ভবিষ্যৎ কর্মজীবনেও সফলতা অর্জনের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন। বিতর্ক উৎসব আয়োজন করায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানান প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন। সংগঠনের চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং অ্যাকশনএইড বাংলাদেশের অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনিং বিভাগের সিনিয়র অফিসার জোহরা বিনতে জামান বনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
