পটুয়াখালীর কলাপাড়ার নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও তাদের খোঁজ মেলেনি। নিখোঁজরা হলেন মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এরপর থেকে তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস জানান, আমার ভাইসহ আরও চারজন সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। সাধারণত দুই দিন পরপর ফিরে আসে তারা। কিন্তু এবার ৭ দিন কেটে গেলেও কোনো খবর নেই।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এখন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। হয়তো সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে তাদের নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে ভেসে আছে কোথাও।
স্থানীয় মহাজন সগীর বুড়া জানান, ওই নৌকাটিতে আমার কিছু দাদনের টাকা বিনিয়োগ ছিল। এখনও তাদের কোনো খোঁজ না মেলায় আমি নিজেও চিন্তায় আছি। পরিবারগুলোর অবস্থা অত্যন্ত করুণ।
স্থানীয় জেলে জাকির জানিয়েছেন, নিখোঁজ জেলেদের খোঁজে আশপাশের নৌকাগুলোকে সমুদ্রে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। ইতিমধ্যে বিষয়টি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হবে।
কুয়াকাটা নৌ পুলিশের এক কর্মকর্তা বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। ঘটনাটি নিয়ে উপকূলজুড়ে শোক ও উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা এখনও আশা হারাননি। প্রতিদিন ভোরে ঘাটে দাঁড়িয়ে তাকিয়ে থাকেন দিগন্তে, হয়তো ফিরে আসবে তাদের প্রিয়জনরা।
ফ্লোটিলার আ*টক অভিযাত্রীদের কারাগারে পাঠাতে চায় ইসরায়েলি মন্ত্রী
ভাইরাল দীপিকা-রণবীরের ‘ব্লকবাস্টার মুহূর্ত’
স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল ইসলামকে ধারণ করেনি
অস্বস্তিকর এক রোগে ভূমি