ফেনীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২ যুবককে পেটাল কারবারিরা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ পিএম

ফেনীর ধর্মপুর ইউনিয়নের স্মরণ পাহাড়তলি এলাকায় সীমান্তে মাদক কারবারিদের হামলায় দুইজন আহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে মাদক পাচার ও বিক্রিতে বাধা দেওয়ায় মোতালেব হোসেন সিফাত ও শাওন নামে দুজনকে পিটিয়ে আহত করেছে মাদক কারবারিরা।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কাছাড় গ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে একটি চক্র। স্থানীয়রা মাদক কারবারিদের মাদক পাচার ও বিক্রিতে বাধা দেওয়ায় শুক্রবার রাতে ইয়াছিনের দোকানের সামনে নুরুল হুদা বাহাদুর, তৌহিদুল ইসলাম জমিদার, আরিফুল ইসলাম, হৃদয়, আব্দুল কালাম কালা জসিমসহ কয়েকজন যুবক অতর্কিতভাবে চাপাতি দিয়ে কুপিয়ে সিফাতের মাথায় রক্তাক্ত করে গুরুতর জখম করে।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে তাদের হামলায় শাওন নামে আরেকজন আহত হন। তারা লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা তাদের বিরুদ্ধে মামলা করলে ফের মারধর ও হত্যার হুমকি দেন।

এ ব্যাপারে শনিবার দুপুরে মোতালেব হোসেন সিফাত বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন, ধর্মপুর ইউনিয়নের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত