পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়ার নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। এর মধ্যে ৩টি দোকান সম্পূর্ণভাবে এবং ২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকানই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এর আগে স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।
কলাপাড়া ফায়ার স্টেশনের ফাইটার শাহদাৎ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি কাপড়ের দোকান, একটি চায়ের দোকান ও ব্যাটারি চার্জের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ লাখ টাকা ধরা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, রাতে হঠাৎ চিল্লাচিল্লি শুনে ঘুম ভেঙে যায়। দৌড়ে এসে দেখি বাজারে আগুন লেগেছে। কেউ পানি আনছে, কেউ বালু দিচ্ছে, সবাই চেষ্টা করছে আগুন নেভাতে। কিন্তু ফায়ার সার্ভিসকে আসতে হয়েছে কলাপাড়ার প্রায় ২৭ কিলোমিটার দূর থেকে। তারা পৌঁছাতে পৌঁছাতে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, আজ যদি কুয়াকাটাতেই একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকতো, তাহলে পাঁচ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনা যেত। দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় এখনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকা দুঃখজনক।
লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হাবিব হুজুরের কাপড়ের দোকান, আল-আমিনের ইলেকট্রনিক ও ব্যাটারি চার্জারের দোকান এবং বাচ্চুর মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া আরো দুইটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ জানান, খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং তাদের দ্রুত সময়ের মধ্যে সঠিক প্রক্রিয়ায় আবেদন করার নির্দেশ দেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের টিন এবং নগদ টাকা সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় ব্রাজিলের, সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা
সাদা পাথর লুটের হোতা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকে দুই ম্যাচ পর জিতেও সাপোর্টার্স শিল্ড খোয়ালো মায়ামি