টানা ছুটিতে কমলগঞ্জে পর্যটকের ঢল 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজার দুদিন ও সাপ্তাহিক দুদিন মিলিয়ে টানা চারদিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে। ছুটিতে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল।

চারদিনের টানা ছুটিতে লাউয়াছড়ায় পর্যটকের প্রবেশের টিকেট মূল্য বাবত সাড়ে ৪ লক্ষাধিক টাকা রাজস্ব আয় হয়েছে। একইসঙ্গে উপজেলার মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, ক্যামেলিয়া লেক ও চা বাগান এলাকায় পর্যটকের ভিড় দেখা যায়। 

লাউয়াছড়া টিকেট কাউন্টার সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটির প্রথম দিন বুধবার থেকে শুক্রবার পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৩ হাজার ৯৩ জন পর্যটক প্রবেশ করেন। এতে রাজস্ব আয় হয় ৩ লাখ ৩৯ হাজার টাকা। সর্বশেষ গত শনিবার (৪ অক্টোবর) ছুটির শেষদিন লাউয়াছড়ায় ১ হাজার ৩৪২ জন পর্যটক টিকেট কেটে প্রবেশ করায় আরও ১ লক্ষ ২৮ হাজার টাকা রাজস্ব আয় হয়। টানা চারদিনের ছুটিতে লাউয়াছড়ায় প্রবেশমূল্য বাবত মোট ৪ লাখ ৬৮ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।

গত শনিবার বিকেলে সরেজমিনে লাউয়াছড়ায় দেখা যায়, উদ্যানে পর্যটকের উপচেপড়া ঢল নেমেছে। পর্যটকেরা বনের ভেতর প্রবেশ করে ঘুরাফেরা করছেন। অনেকে দল বেধে ঘুরছেন, ছবি তুলছেন। টিকেট কাউন্টারের সামনে লম্বা লাইন ধরে টিকেট কেনা চলছে পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের সদস্যরা অবস্থান করছে বনের ভেতরের রেললাইন ও বাহিরের ফটক এলাকায়। তবে হঠাৎ করে কর্তৃপক্ষ গাড়ি পার্কিং বন্ধ করে দেয়ায় পর্যটকরা অনেকটা ভোগান্তিতে পড়েন। অনেকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুপাশে ব্যক্তিগত ও ভাড়া করা গাড়ি পার্কিং করে রাখায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

লাউয়াছড়ার টিকেট কালেক্টর আব্দুল মতিন দেশ রূপান্তরকে বলেন, ‘লাউয়াছড়ায় পূজার টানা ছুটিতে প্রচুর পর্যটকের আগমন হয়েছে। ৪ দিনের টানা ছুটিতে প্রবেশমূল্য বাবত লাউয়াছড়ায় ৪ লাখ ৬৮ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।’

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, পূজার টানা ছুটিতে ৪ হাজারের বেশি পর্যটক এসেছেন লাউয়াছড়ায়। পর্যটকের নিরাপত্তার স্বার্থে টুরিস্ট পুলিশের পাশাপাশি বনবিভাগের সদস্যরাও কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত