৫ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম

যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে পাঁচ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।

রবিবার (৫ অক্টোবর) তিনি ঢাকায় আসেন বলে ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাংলাদেশ যখন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং একই বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের কাতারে আছে, তখন এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে ব্রিটিশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য দূতের এই সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে সহায়তা করা এবং পারস্পরিক সমৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো।

সফরকালে উইন্টারটন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করবেন। এতে যুক্তরাজ্য-বাংলাদেশ অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও দেখা করবেন। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা। এসব বৈঠকে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অংশীদার হিসেবে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত