চিফ প্রসিকিউটর বললেন

আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হচ্ছে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:১৩ এএম

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকা-, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করতে প্রাথমিক তদন্তের কাজটি তারা শুরু করতে যাচ্ছেন।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এনডিএম (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) নামে একটি রাজনৈতিক দল আগেই একটি অভিযোগ দাখিল করেছে। আমরা সেটার ভিত্তিতে তদন্ত শুরু করছি। তাই বলা যেতে পারে, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটি শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরোদমে শুরু হয়, তখন বলা যাবে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর এগিয়েছে। অন্য এক প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, অভিযোগ এসেছে। এটা গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে।

হানিফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ : জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তিনটি অভিযোগ এনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। অন্য তিনজন হলেন আওয়ামী লীগ নেতা সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতা। গতকাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষে এ অভিযোগ দাখিল করা হয়। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করতে আরজি জানানো হয়েছে। আগামীকাল (আজ) আদেশ হবে। তিনি আরও বলেন, মাহবুব-উল আলম হানিফের বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যাসহ কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট কুষ্টিয়ায় দুপুর দেড়টা থেকে বিকেল ৪টার মধ্যে আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত