ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ দমনে এবং ট্রাফিকসংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে। এ সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১ হাজার ৩২৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৭১ জন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে এবং ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্স সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সর্বনিম্ন শাস্তি হিসেবে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাফিকসংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ঢাকা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি নিয়মিতভাবে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করছে। এ সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন। ঢাকা মহানগর পুলিশ অপরাধ দমনে বদ্ধপরিকর।
