বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার নয়শত ডলার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ অক্টোবর) স্পট বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১.১ শতাংশ বেড়ে রেকর্ড তিন হাজার নয়শত ঊনত্রিশ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বরে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার্স দাম ১.২ শতাংশ বেড়ে তিন হাজার নয়শত চুয়ান্ন দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, ইয়েনের দুর্বলতা, মার্কিন সরকারের অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের আশ্বাস-এই তিনটি কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা ব্যাপক হারে বেড়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, জাপানের এলডিপি নির্বাচনের পর ইয়েনের দুর্বলতা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস হ্রাস করেছে। এতে অনেকেই নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন। পাশাপাশি মার্কিন সরকারের অচলাবস্থা অর্থনীতি ও জিডিপি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ফলে স্বর্ণই এখন বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ।

ওয়াটারার আরও উল্লেখ করেন, ফেড যদি এই মাসে আবারও সুদের হার কমায়, তাহলে স্বর্ণের চাহিদা আরও বাড়বে। কম সুদের হার এমন একটি পরিবেশ সৃষ্টি করে, যেখানে স্বর্ণ সবচেয়ে লাভজনক বিনিয়োগে পরিণত হয়।

এদিকে, জাপানে নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি দায়িত্ব নেয়ার পর গত পাঁচ মাসে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের মান সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি অচলাবস্থা দীর্ঘায়িত হচ্ছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না, তাহলে প্রশাসন ফেডারেল কর্মচারী ছাঁটাই শুরু করতে পারে।

গত শুক্রবার ফেড গভর্নর স্টিফেন মিরানও ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি নিয়ে আলোচনায় গিয়ে পুনরায় আক্রমণাত্মকভাবে সুদের হার কমানোর পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছেন।

২০২৪ সালে ২৭ শতাংশ বৃদ্ধির পর চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৪৯ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির পেছনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণ ক্রয়, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) চাহিদা বৃদ্ধি, ডলারের দুর্বলতা এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ভূমিকা রেখেছে।

গত মাসে ফেড সুদের হার এক-চতুর্থাংশ কমানোর পর থেকে স্বর্ণের বাজার আরও গতিশীল হয়েছে। ফেড ইঙ্গিত দিয়েছে যে, বছরের বাকি সময়েও তারা ঋণের খরচ কমিয়ে আনার পরিকল্পনা করছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, বাজার এখন প্রায় নিশ্চিত যে ফেড অক্টোবর ও ডিসেম্বরে আরও দু’দফায় ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমাবে-যার সম্ভাবনা যথাক্রমে ৯৫ শতাংশ ও ৮৩ শতাংশ।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা ও কম সুদের হার এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে স্বর্ণ বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। চলতি বছর মার্চে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার ডলার ছাড়ায়, আর সেপ্টেম্বরে তা তিন হাজার সাতশত ডলার অতিক্রম করে। তাই স্বর্ণের দাম তিন হাজার নয়শত ডলারে পৌঁছানো ছিল কেবল সময়ের ব্যাপার।

অন্যান্য মূল্যবান ধাতুর দামও বাড়ছে। সোমবার স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স আটচল্লিশ দশমিক ৫৩ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনাম ১.২ শতাংশ বেড়ে এক হাজার ছয়শত তেইশ দশমিক ৮৮ ডলারে এবং প্যালাডিয়াম এক হাজার দুইশত পচাত্তর দশমিক ৬৫ ডলারে পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত