নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ সময় বাসের আঘাতে দুই ইজিবাইক চালক গুরুতর আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসচালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে লিংক রোডের জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোজাম্মেল হক (৫৫)। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের পুত্র। আহত দুই ইজিবাইক চালক আনিসুর রহমান (৩৮), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বসতগাঁও গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে, এবং রানা বাবু (৪০), জয়পুরহাট জেলার নিক্তিপাড়া গ্রামের তমিজউদ্দীন প্রামাণিকের ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে অপেক্ষমান দুইটি ইজিবাইককে সজোরে ধাক্কা মারে। এতে আনিসুর রহমান ও রানা বাবু গুরুতর আহত হন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসচালক ও হেলপারকে গণধোলাই দেয়। আহত চারজনই বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে পুলিশ প্রাথমিকভাবে নিহতের বিষয়টি নিশ্চিত না করলেও নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৫৫) নামের একজন নিহত হয়েছেন। আহত আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গণপিটুনিতে আহত বাসচালক ও হেলপারকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত