টঙ্গীর কেমিক্যাল গোডাউনে অগ্নিকা- নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হয়ে শহীদ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। দেশের জন্য জীবন উৎসর্গ করলেও তিনি নিজের নবজাতকের মুখ দেখতে পারেননি। তার মৃত্যুর ১২ দিন পর, গতকাল সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী এক পুত্রসন্তানের জন্ম দেন। পৃথিবীর আলো দেখলেও এই অগ্নিনির্বাপক যোদ্ধার সন্তানের কপালে বাবাকে দেখার সৌভাগ্য আর হলো না।
গতকাল সোমবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ ফায়ার ফাইটার নুরুল হুদার সন্তান জন্ম নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিনির্বাপণে নিয়োজিত হয়ে গুরুতর দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। পরে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর ২৪ সেপ্টেম্বও বেলা ২টা ৪০ মিনিটে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ ও ওয়্যার হাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমও মৃত্যুবরণ করেন।
