কেন্দ্রীয় ব্যাংক ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনও প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেয়নি বলে জানিয়েছে। তাই প্রতিষ্ঠানটির সঙ্গে কোনও ধরনের লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের প্রতি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (০৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে যে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় আছে। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনও প্রতিষ্ঠানের কাছ থেকে এমএফএস চালুর অনুমোদনের আবেদন পাওয়া যায়নি, এমনকি এ ধরনের কোনও আবেদন বর্তমানে প্রক্রিয়াধীনও নেই।
দেশে আর্থিক লেনদেন পরিচালনার অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। তাই ‘সহজক্যাশ লিমিটেড’নামক কোনও প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করা বা চাকরির প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নাগরিকদের সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতারণামূলক আর্থিক কর্মকাণ্ড থেকে নিজেকে রক্ষা করতে অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য কারও সঙ্গে লেনদেন করা যাবে না।
