টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৮ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বাংড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী।
জানা যায়, ২০ জন নির্মাণ শ্রমিক উপজেলার ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে কালিহাতী থেকে পিকআপযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পিকআপটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাংড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঐ পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় ডাক্তার ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।
টাঙ্গাইল হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ আলমগীর হোসেন বলেন, মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
