দুধ দিয়ে গোসল করে শেষ রক্ষা হল না সেই আ.লীগ নেতার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যা মামলার আসামি হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর কুমিল্লার দেবীদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

কামরুজ্জামান মাসুদ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আশানপুর গ্রামের আমেরিকা প্রবাসী হাজী মো. ফরিদ উদ্দিনের ছেলে।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল নামের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় মাসুদ অন্যতম আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। 

পরবর্তীতে গত ১৭ আগস্ট নিজ বাড়ির ছাদে একদল সাংবাদিকের সামনে আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করেন তিনি। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর চেয়ারম্যান পদ থেকে তিন মাসের ছুটি নিয়ে মাসুদ আত্মগোপনে চলে যান। এ সময় তিনি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। বুধবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ দেবীদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত