সিটি ব্যাংক পিএলসি ‘ব্যাংক অন সলিডিটি, ব্যাংকিং অন সাসটেইনেবিলিটি’ শিরোনামে প্রথমবারের মতো তাদের এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) প্রতিবেদন প্রকাশ করেছে। এটি টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জিআরআই স্ট্যান্ডার্ডস, আইএফআরএসের মতো বিভিন্ন আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক এবং টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে এই পূর্ণাঙ্গ ইএসজি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিটি ব্যাংক।
প্রতিবেদনে জলবায়ু ও পরিবেশ-সংক্রান্ত উদ্যোগগুলোর পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে সিটি ব্যাংকের বিস্তৃত অবদানকেও তুলে ধরা হয়েছে। সবুজ ও টেকসই অর্থায়নের প্রবৃদ্ধি, নবায়নযোগ্য জ¦ালানি, জ¦ালানি দক্ষতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের তথ্য এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া এতে গ্রাহকের পরিবেশ ও সামাজিক ঝুঁকি (ইএসআরএম) নির্ণয় কীভাবে অর্থায়নের সিদ্ধান্তকে প্রভাবিত করে, তা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। জলবায়ু-সংক্রান্ত উদ্যোগের পাশাপাশি প্রতিবেদনটিতে আর্থিক অন্তর্ভুক্তি, নারী উদ্যোক্তাদের সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের তথ্য রয়েছে। এ বছরের প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ব্যাংকের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের হিসাব প্রকাশ, যা ব্যাংকের স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিশ্রুতি পরিপালনের একটি নজির।
