পৃথিবীতে ‘শাসক’ শব্দটি শুরু হওয়া থেকে আজ পর্যন্ত, অনেক মহাশক্তিধর অত্যাচারী শাসক এসেছেন। কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেননি। বিভিন্ন কৌশল এবং কূটবুদ্ধিতে পারদর্শী হওয়ার ফলে অনেক সাম্রাজ্য, শাসক শতকের পর শতক পৃথিবী শাসন করেছেন কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন পালাতে। যুক্তরাষ্ট্র মনে করছে, এখনো বিশ্ব সেই ৯০ দশকে পড়ে আছে। তারা সোভিয়েত ইউনিয়নকে খন্ডবিখন্ড করেছেন। পৃথিবীর দেশে দেশে ইচ্ছামতো শাসক পরিবর্তন করেছেন। শুধু তাই না তাদের অত্যাচারী, স্বৈরাচারী এবং মৌলবাদী দেশ বলে সরকারপ্রধানকে হত্যা করেছে। বর্তমানে হুংকার সেইসব রাষ্ট্রের বিরুদ্ধে, যারা তাদের কথায় চলছে না। এশিয়ায় ইরান এবং ভারত এখন তাদের কঠিন প্রতিপক্ষ। অন্যদিকে রাশিয়া, উত্তর কোরিয়া, আফগানিস্তান তো রয়েছেই। বর্তমানে তাদের ভয়ংকর শত্রু ফিলিস্তিন। নতুন করে আবার ঝামেলা শুরু হয়েছে ভারতের সঙ্গে। সম্ভবত এবার ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে যাচ্ছে অথবা পেয়েছে। এর মধ্য দিয়ে আর যাই হোক এশিয়াতে যুদ্ধ শক্তিতে ভারসাম্য এসেছে। কিন্তু ফিলিস্তিন ইস্যুতে সমাধান আসছে না। কারণ একনায়ক যুদ্ধংদেহী ইসরায়েল নিরলসভাবে ফিলিস্তিনিদের ওপর তাদেরই ভূমিতে নিধন চালাচ্ছে বছরের পর বছর। এর কারণ, পেছনে আমেরিকার অর্থ-অস্ত্র সমর্থন। ফলে ইতিহাসের পাতায়, উন্মত্ত আচরণের দেশ হিসেবে ইসরায়েলের নাম লেখা হয়ে গেছে।
এক সপ্তাহ আগে ইসরায়েলি নৌবাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’ নামের একটি নৌবহর থেকে অন্তত ৪০টি নৌযান আটক করে। ওই অভিযানে অংশ নেওয়া ৪৭৯ জনের মধ্যে বেশিরভাগকেই আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অনেককে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে তাদের তুরস্ক, গ্রিস ও সেøাভেনিয়ায় পাঠানো হয়। যার মধ্যে বাংলাদেশের আলোকচিত্রী, সাংবাদিক ও অধিকারকর্মী শহিদুল আলম রয়েছেন। শহিদুল আলম বুধবার এক ভিডিও বার্তায় আটক হওয়ার কথা জানিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ব্যাপারটি নিশ্চিত করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, গাজায় বৈধ নৌবদ্ধ অবরোধ ভেঙে প্রবেশের আরেকটি ব্যর্থ চেষ্টা কোনো ফল দেয়নি। সব নৌযান ও যাত্রীকে ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তাদের দ্রুত ফেরত পাঠানো হবে। এদিকে, শহিদুল আলমকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইসরায়েলি বাহিনীর হাতে শহিদুল আলম আটক হওয়ায় গভীর উদ্বেগ ও তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। এ ছাড়া শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী সাগরে বাধা দিয়ে আটক করেছে এমন তথ্য জানিয়ে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি শহিদুল আলমসহ সব বন্দির মুক্তি দাবি করে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দাবিতে সংহতি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ। সংগঠনটির জরুরি সভায় কমিটির আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে সুমুদ ফ্লোটিলার কনশানস জাহাজের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা এবং তরীর সদস্যদের অপহরণের তীব্র নিন্দা জানানো হয়েছে। তীব্র প্রতিবাদের বিশ্ব ছায়া ক্রমশ ধারণ করেছে প্রাচীর আকারে। এ প্রবল প্রাচীর ভেদ করা কারও পক্ষে সম্ভব নয়, আটকাতে তাদের হবেই। সময়ই বলবে কে জয়ী হলো স্বৈরাচার না মানবতাবাদী।
