আবু তাহের মোহাম্মদ মাসুম

বিশ্বের ৯৩ দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম

জুলাই আন্দোলনের যদি কোনও আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মোহাম্মদ মাসুম।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টায় নোয়াখালীতে আল ফারুক অডিটরিয়ামে আয়োজিত আমিরে জামায়াত নির্বাচনে ভোট গ্ৰহণ পূর্বে রোকন (সদস্য) সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে হত্যা করা ছাত্র-জনতা, নারী শিশু ও আহত ভাইদের বিচার অবশ্যই হওয়া উচিত এবং তার আইনি ভিত্তি প্রয়োজন।

তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচনটি হতে সব ধরনের ত্রুটিমুক্ত। অতীতের লুটপাট, রাতের ভোট, ডামি ও প্রহসনের নির্বাচন জাতি দেখতে চায় না। অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বকে দেখাতে হবে এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাই আমরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি করেছি।

এ সময় তিনি বলেন, বিশ্বের প্রায় ৯৩টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। এতে প্রত্যেক দল সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হলে যারা এদেশে ১% ভোট পায় তাদেরও প্রতিনিধি সংসদে থাকবে। এতে সকল ভোটারের জনমতের প্রতিনিধিত্ব সংসদে সংসদে প্রতিফলিত হবে। প্রত্যেক দলের যোগ্য লোকদের সংসদে পাঠানো হবে। তারা দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবে এবং এদেশের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান তারা স্থানীয় জনগণের সেবা করবে।

এ টি এম মাসুম বলেন, জনগণ পিআর পদ্ধতি চায় না এটা ভুল কথা। বরং একটি শ্রেণি চায় না পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। পিআর পদ্ধতিতে এমপির হয়ে নিজ এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল নিয়ে প্রভাব বিস্তারের সুযোগ পাওয়া যাবে না। অতীতের মতো জনগণের ওপর সংসদে একচেটিয়া সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না।

তিনি বলেন, বিগত সংসদগুলোতে আমরা দেখেছি পৃষ্টায় লিখে এনেও তা দেখে পড়তে পারে না এমন লোকরা সংসদে গিয়েছেন। যারা কথাই বলতে পারেন না তারা দেশের জন্য কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে? যদি পিআর পদ্ধতি সংসদে যোগ্য লোকেরা প্রতিনিধিত্ব পায়, দেশে হোন্ডা, গুন্ডা, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে। এজন্য আমরা গণভোট চাই।

জামায়াতে ইসলামীর নিজস্ব পদ্ধতিতে আমির নির্বাচনে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার সকল নারী ও পুরুষ সদস্যগণ (রুকন) ভোট প্রদান করেন। জামায়াতের বর্তমান আমির হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান।

সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াত আমির এ এস এম ইসহাক খন্দকার। এতে জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনসহ নোয়াখালী জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত