দুর্দান্ত সেঞ্চুরিতে গ্রায়েম স্মিথের বিশ্বরেকর্ড ছুঁলেন জয়সওয়াল

 

 
 
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি হাঁকালেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এর মাধ্যমে তিনি গড়লেন ইতিহাস। লাল বলের ক্রিকেটে ওপেনার হিসেবে ২৩ বছর বয়সে সর্বাধিক ৭টি সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের। এবার তার পাশে বসলেন জয়সওয়াল।

অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়সওয়াল ১৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়। উল্লেখ্য জয়সওয়ালের প্রথম টেস্ট সেঞ্চুরিও এসেছিল একই দলের বিপক্ষে তার অভিষেক ম্যাচে। ২৩ বছর ২৮৬ দিন বয়সী ভারতীয় ওপেনারের সামনে এখনো সুযোগ আছে বিশ্বরেকর্ডটি নিজের করে নেওয়ার।

সব পজিশন মিলিয়ে টেস্ট ক্রিকেটে ২৪ বছর পূর্ণ হওয়ার আগে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় সবার ওপরে আছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (১২), এরপর শচীন টেন্ডুলকার (১১) এবং স্যার গ্যারিফিল্ড সোবার্স (৯)। তাদের পরে গ্রায়েম স্মিথ, অ্যালিস্টার কুক, কেইন উইলিয়ামসন ও জাভেদ মিয়াঁদাদের সঙ্গে আছেন জয়সওয়াল। আরেকটি উল্লেখযোগ্য তথ্য হলো, জয়সওয়ালের অভিষেকর পর ভারতের অন্য সব ওপেনার মিলে করেছেন ৬টি সেঞ্চুরি, যেখানে জয়সওয়াল একাই করেছেন ৭টি!

মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত জয়সওয়াল আজ দেখান তার টেস্ট ব্যাটিংয়ের প্রতিভা। তিন অংক ছুঁতে একটাও ছক্কা হাঁকাননি, চার মেরেছেন ১৬টি। আরও ৬ চার যোগ করে দিন শেষ করেছেন ২৫৩ বলে ১৭৩ রানে অপরাজিত থেকে। যশস্বীর দিন সেঞ্চুরি মিস করেছেন তিনে নামা সাই সুদর্শন। ১৬৫ বলে ১২ চারে ৮৭ রান করে থামেন তিনি। শুবমান গিলও অপরাজিত আছেন ২০ রানে। দিল্লী টেস্টের প্রথম দিনশেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩১৮ রান।

 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত