৪, ৩, ৪, ২, ১, ১ নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হওয়া বাংলাদেশের ৬ ব্যাটারের রানের সংখ্যা এটি। গৌহাটিতে এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বড় ব্যবধানে। আগে ব্যাট করে ৯ উইকেটে ২২৭ রান তোলা নিউজিল্যান্ড জিতেছে ১০০ রানে।
ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভার শেষে দাঁড়ায় ৬ উইকেটে ৩৩! অর্থাৎ ২৬ রানের মধ্যে ৬ উইকেট হারায় নিগার সুলতানা জ্যোতির দল। সপ্তম উইকেটে ৩৩ রানের জুটি গড়েন ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার। ১৭ রান করা নাহিদা ফিরলে জুটি ভাঙে। তবে একপ্রান্ত আগলে রাখেন ফাহিমা। অষ্টম উইকেটে ফাহিমা ও রাবেয়া খানের ৪৪ রানের জুটিতে দলীয় একশো পেরোয় বাংলাদেশ।
দলীয় ১১০ রানে রাবেয়া (৩৯ বলে ২৫) ফিরলে জুটি ভাঙে। এরপর শুধু হারের ব্যবধানটাই কমে। নিশি ৬ রান করে ফেরেন। আর শেষ ব্যাটার হিসেবে আউটের আগে ইনিংস সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন ফাহিমা খাতুন। ফাহিমার ৮০ বলের ইনিংসে ছিল ২টি চার।বাংলাদেশের ব্যাটিং ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে অতিরিক্ত থেকে! নিউজিল্যান্ডের জেস কার ও লিয়া তাহুহু ৩টি করে উইকেট নেন।
তার আগে নিউজিল্যান্ড ২২৭ রানের পুঁজি পায় অধিনায়ক সোফি ডিভাইন (৬৩) ও ব্রুক হ্যালিডের (৬৯) ইনিংসে ভর করে। বাংলাদেশের রাবেয়া খান ৩০ রানে নেন ৩ উইকেট। ম্যাচসেরা হন ব্রুক হ্যালিডে।
নাসিরের ব্যাটে দ্বিতীয়বার এনসিএলের ফাইনালে রংপুর
'মেসি'র জোড়ায় ব্রাজিল জিতলো পাঁচ গোলে