মেসিকে গ্যালারিতে রেখে হেসেখেলে জিতল আর্জেন্টিনা

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম

সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই জয়ের ধারায় ফিরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১–০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। একমাত্র গোলটি করেছেন জিওভান্নি লো সেলসো।

২৭ দিনে ৭ ম্যাচ খেলা মেসিকে এদিন বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। একাদশে কয়েকজন নিয়মিত খেলোয়াড়ের সঙ্গে কিছু নতুন মুখও দেখা যায়। আলবিসেলেস্তেরা বেশিরভাগ সময় মাঠের নিয়ন্ত্রণ রেখেছে। ৩১ মিনিটে জিওভান্নি লো সেলসোর নিখুঁত বাঁ-পায়ের শটে এগিয়ে যায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজের পাসে লাউতারো মার্তিনেজ বেটিস তারকা লো সেলসোর দিকে বল বাড়ালে তিনি ঠান্ডা মাথায় গোল করেন।

মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস দারুণ ছন্দে ছিলেন। তার নিখুঁত পাসে বারবার বিপজ্জনক আক্রমণ করেছে আর্জেন্টিনা। তবে স্কালোনির দল বড় জয় থেকে বঞ্চিত হয় ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে দাভিদ কন্ত্রেরাসের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। অন্তত পাঁচটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেজের দুটি ক্লোজ রেঞ্জ শটও রুখে দেন।

অন্যদিকে ভেনেজুয়েলাও কিছু সুযোগ পেয়েছিল। প্রথমার্ধে আলেহান্দ্রো মার্কেস একবার প্রায় ফাঁকা গোলপোস্ট পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন! ৭৩ মিনিটে তেও কুইন্তেরোর জোরালো শট ক্রসবারে লেগে ফেরে। শেষ পর্যন্ত লো সেলসোর একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। মেসি বিশ্রামে থাকলেও, দলটি দেখিয়েছে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স এবং দারুণ নিয়ন্ত্রণের ছাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত