যুক্তরাজ্যের গত তিন মাসে অন্তত ২২টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। দেশটির মুসলিম-বিরোধী ঘৃণাজনিত অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা এটিকে ২০১১ সালের পর সবচেয়ে বড় উত্থান হিসেবে উল্লেখ করেছে।
সংস্থার তথ্য অনুযায়ী, সম্প্রতি ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুজন মুখোশধারী ব্যক্তি মসজিদের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন। হতাহতের খবর না পাওয়ায় প্রাণহানি ঘটেনি, তবে মসজিদ ভবন ও পাশে থাকা একটি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
টেল মামার নির্বাহী পরিচালক ইমান আত্তা বলেন, “সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাজ্যে মুসলিম-বিরোধী ঘৃণার স্বাভাবিকীকরণের ইঙ্গিত দেয়। সরকারকে উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করতে হবে।” তিনি আরও বলেন, সরকারের ‘প্লেসেস অব ওয়ারশিপ ফান্ড’ বর্তমান নিরাপত্তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাজ্যে ইসলামফোবিক ঘটনার হার প্রায় ২০ শতাংশ বেড়েছে। এসব ঘটনায় ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং অনলাইন হয়রানি অন্তর্ভুক্ত, যা মূলত গাজার চলমান সংঘাত এবং বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব বলে মনে করা হচ্ছে।
মানবাধিকার সংস্থা ও মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন, এই হামলা যুক্তরাজ্যের সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক সংকেত এবং সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। সূত্র: শাফাক নিউজ
