যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছে। এতে বহু মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মাইল দূরের বাড়িঘরও কেঁপে ওঠে। এ ঘটনায় অর্ধ বর্গমাইল এলাকাজুড়ে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এখনও আরও বিস্ফোরণের শঙ্কা রয়েছে সেখানে।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকালে ন্যাশভিল থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে অবস্থিত ম্যাকইউইনের অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। রয়টার্স, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস জানান, ঘটনাস্থলে কিছু প্রাণহানি ঘটেছে এবং ১৯ জন এখনও নিখোঁজ রয়েছে। হিকম্যান কাউন্টির মেয়র জিম বেটস জানিয়েছেন, অন্তত ১৩ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিউরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস, হোমল্যান্ড সিকিউরিটি ও টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ একাধিক সংস্থা।
ডেভিস জানান, কারখানার কর্তৃপক্ষ তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে।
কারখানাটির ওয়েবসাইট অনুযায়ী, অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক, মহাকাশ, ধ্বংস ও খনন শিল্পের জন্য বিস্ফোরক ও এনার্জেটিক ডিভাইস তৈরি করে থাকে।
