শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ৩

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পিএম

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ে ইলিশ শিকার ও বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে পদ্মা-যমুনা নদী ও আশপাশের বাজারে পৃথক অভিযান চালানো হয়।

মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও শিবালয় থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

অভিযানে নালী গ্রাম এলাকা থেকে ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করা হয়। আটকরা হলেন—সিরাজুল (৩৬) ও স্বপন হালদার (৪৪)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া, উপজেলার টেপড়া বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ী সাদ্দামকে (৩৩) আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী অফিসার মো জাকির হোসেন জানান, অভিযানে ইলিশ শিকারে ব্যবহৃত প্রায় তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত