লিওনেল মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৯:২৯ এএম

বল পায়ে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। দুই গোল ও এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৪-০ ব্যবধানে দারুণ এক জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। শনিবার রাতে ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি।

মেসি আগের রাতে মায়ামিতেই অনুষ্ঠিত আর্জেন্টিনার ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্রামে ছিলেন। তবে ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেই তিনি দেখালেন কেন তিনি এখনো বিশ্বের সেরা। এই জয়ের ফলে ১৮ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে ইন্টার মায়ামির পয়েন্ট এখন ৬২। এতে করে এমএলএস পূর্বাঞ্চলীয় কনফারেন্সে অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করেছে দলটি। তবে দ্বিতীয় স্থানের লড়াই এখনো বাকি।

ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। বালতাসার রদ্রিগেজের ক্রস থেকে চমৎকার নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্টে বাঁ পায়ের শটে জালের দেখা পান বিশ্বকাপজয়ী তারকা। ৫২তম মিনিটে তার দারুণ এক লং পাস থেকেই গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা। এরপর ৬১তম মিনিটে ব্যবধান ৩-০ করেন লুইস সুয়ারেজ। ৮৭ মিনিটে জর্দি আলবার পাস থেকে বক্সে ঢুকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।

এর মাধ্যমে মেসির গোল সংখ্যা দাঁড়াল ২৬-এ, যা এখন এমএলএসের সর্বোচ্চ। পাশাপাশি তার ১৮টি অ্যাসিস্টও সান ডিয়েগোর আনডারস ড্রেয়ারের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে। আটলান্টা ইউনাইটেড এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে পরাজিত হলো, এবং শেষ পাঁচ ম্যাচে কোনো জয় পায়নি। ম্যাচের ১৪তম মিনিটে স্টিয়ান গ্রেগারসেনের ইনজুরিতে মাঠ ছাড়ায় তাদের দুর্ভাগ্য আরও বাড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত