মুন্সীগঞ্জের সিরাজদীখানে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রবিবার (১২ অক্টোবর) দুপুরে আসামিদের উপস্থিতিতে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার উত্তর বাসাইল গ্রামের নুর মোহাম্মদ খান (৩২) ও একই গ্রামের আইয়ুব খান (৪৫)।
নিহত মজিবুর খান (৫২) একই উপজেলার রাঙ্গামালিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৪ জুন দুপুরে মজিবুর খান ঈমামগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে নিজ বাড়ির কাছেই কাঁচা রাস্তায় তার গতি রোধ করে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনার পরদিন নিহতের ছেলে আরিফ খান বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে থানায় মামলা করেন।
