গাজীপুরে আজম খান

আ.লীগ, বিএনপি জাতীয় পার্টি পরিবর্তন করতে পারেনি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১২:২১ এএম

নবগঠিত রাজনৈতিক দল জনতার দলের সদস্য সচিব মো. আজম খান বলেছেন, রাজনৈতিক নেতার পেশা, তাদের সংসার কীভাবে চলে, কত সম্পদের মালিক, প্রার্থী হওয়ার আগে তা ভোটারদের জানতে হবে। ভোট চাইতে এলে মুখের ওপর ইনকাম কত জিজ্ঞাসা করতে হবে। নইলে দুর্নীতি কমবে না। তিনি গতকাল রবিবার দুপুরে জনতার দল গাজীপুর জেলা ও মহানগর কমিটির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দলের জেলা কমিটির আহ্বায়ক মো. সামসুদ্দিন খন্দকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সদস্য সচিব আবু জাফর রিপন, মহানগরীর আহ্বায়ক নূরুল ইসলাম, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, কালীগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. নোমান প্রমুখ।

আজম খান বলেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ভোট দিয়ে মানুষ ক্ষমতায় এনেছিল। তারা গুণগত কোনো পরিবর্তন করতে পারেননি। মানুষ একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। যত বেশি ভালো মানুষ রাজনীতিতে আসবে, চাঁদাবাজ-সন্ত্রাসীরা ততই দূরে সরে যাবে। ইতিমধ্যে শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনতার দলে যোগ দিয়েছেন। আমরা অন্যায় ও দুর্নীতি চিরতরে দূর করতে চাই। সভা শেষে ফিতা কেটে দলের জেলা এবং মহানগর কার্যালয় উদ্বোধন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত