নরসিংদীতে পুরাতন ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় বিস্ফোরিত হয়ে আগুন লেগে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত শ্রমিকরা হলেন নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এ ছাড়া আরও চার শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যাটারি কারখানা পরিচালনা করে আসছে চীনা একটি প্রতিষ্ঠান। কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হয়ে থাকে।
গতকাল সকালে কাজ করার সময় কারখানাটিতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় কারাখানার শ্রমিক ও স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক চারজনকে চিকিৎসা দেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এদিকে দুপুরে কারখানাটিতে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। ফলে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে সাতজন অগ্নিদগ্ধ রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজনের শরীরের ৬০ শতাংশ এবং একজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি চারজনকে সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশের উপপরিদর্শক মো. দেলেয়োর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কারখানায় কাউকে পাইনি। বর্তমানে এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা এখন নিরাপত্তার জন্য এখানে অবস্থান করছি।
নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
