সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে দেখা মিলেছে রয়েল বেঙ্গল টাইগারের। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বিশাল আকৃতির একটি বাঘকে বসে থাকতে দেখতে পান পর্যটকরা। এ সময় তারা বিরল এই দৃশ্যটি তাদের মোবাইল ফোনে ধারণ করেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী পর্যটকদের ধারণ করা ওই ভিডিওটি তার নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশাল আকৃতির একটি রয়েল বেঙ্গল টাইগার ফুট ট্রেইলের (হাঁটার কাঠের সাঁকো) মাঝখানে শান্তভাবে বসে আছে। কিছু সময় বসে থাকার পর বাঘটি ফুট ট্রেইলে হাঁটা শুরু করে।
হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রমজান আলী কানন সাংবাদিকদের বলেন, শনিবার পর্যটকরা যখন ফুট ট্রেইলে হাঁটছিল তখন তারা সেখানে একটি বাঘ দেখতে পায়। বাঘটি কিছু সময় বসেছিল। পরে আমরা বাঘটিকে আবার বনে তাড়িয়ে দিই।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিনই সেখানে শত শত দেশি-বিদেশি পর্যটক ঘুরতে আসেন। হাড়বাড়িয়া অঞ্চল সুন্দরবনের মূল বাঘের বিচরণক্ষেত্রের খুবই কাছে। তাই মাঝে মাঝে বাঘের উপস্থিতি এখানে দেখা যায়। সুন্দরবনে বাঘ আছে তা পর্যটকরা মুখে শুনে অভ্যস্ত। সেই বাঘ যদি নিজের চোখে দেখা মেলে তাহলে অনুভূতি কী হতে পারে তা ভাবতে গা শিউরে ওঠার মতো, যা বলে শেষ করা যাবে না। তবে এভাবে যদি হঠাৎ করে পর্যটকদের সামনে বাঘ চলে আসে তাহলে তা দারুণ ভয়ের কারণ হয়ে ওঠে। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময় সতর্কতা অবলম্বন করে থাকি। ২০১৮ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। সর্বশেষ ২০২৪ সালের বাঘ গণনায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টিতে বলে জানান এই বন কর্মকর্তা।
