‘গাজায় যুদ্ধ শেষ’, ইসরায়েল যাওয়ার আগে ঘোষণা ট্রাম্পের

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫২ এএম

গাজায় দুই বছর ধরে চলা সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তিচুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এই চুক্তি অনুসারে, আজ সোমবার (১৩ অক্টোবর) দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময়ের মাধ্যমে চুক্তি কার্যকর হচ্ছে। এদিনই মধ্যপ্রাচ্যে সফরে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক হয়ে উঠবে। 

ট্রাম্পের এই সফরে প্রথম গন্তব্য ইসরায়েল। তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথসহ একদল শীর্ষ আমলা। ইসরায়েলের সংসদে বক্তৃতা করবেন ট্রাম্প। এরপর তিনি যাবেন মিশরে। সেখানে গাজা শান্তি সামিটের আয়োজন করা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ আল-সিসি ও ট্রাম্প ওই শান্তিচুক্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। একাধিক দেশের রাষ্ট্রনেতারা এতে উপস্থিত থাকবেন।

ইসরায়েল যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ শেষ, বুঝেছেন? মধ্যপ্রাচ্যের এই সফরকে ‌‌‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেন তিনি। গাজায় শান্তিচুক্তি টিকবে কি না-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা টিকবে...মানুষ ক্লান্ত। তিনি আরো বলেন, এই অঞ্চলটি শিগগিরই স্বাভাবিক হয়ে উঠবে এবং গাজার শাসনব্যবস্থা তত্ত্বাবধানের জন্য একটি পরিকল্পিত তত্ত্বাবধায়ক সংস্থা (শান্তি বোর্ড) খুব দ্রুতই প্রতিষ্ঠা করা হবে।

চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস যাদের বন্দি করেছিল, তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল ২ হাজার প্যালেস্তাইনি বন্দিকে মুক্তি দেবে। গাজায় ত্রাণ সরবরাহের পথেও আর কোনো বাধা থাকবে না। তবে হামাস সরাসরি এই চুক্তিতে স্বাক্ষর করতে নারাজ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তিকে ‘জয়’ বলে আখ্যা দিলেও তাঁর বক্তব্য, লড়াই এখনও শেষ হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত