কুমিল্লায় তিন কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কোটি টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে বিজিবি। সোমবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে সুলতানপুর ৬০ বিজিবির একটি টহলদল এ অভিযান চালায়।

সোমবার দুপুরে সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি।

এ বিষয়ে সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে এবং অবৈধ পণ্য পাচার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দ করা শাড়িগুলো পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত