ব্রাজিলকে নিয়ে ইতিহাস গড়বেন আনচেলত্তি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ এএম

গেল মে মাসের শেষ দিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল খেলেছে চারটি ম্যাচ। যার দুটিতে জয়, একটি করে ড্র ও হার। বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ব্রাজিল এখন আছে এশিয়া সফরে। এশিয়াতে প্রথম প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ব্রাজিল। সেই ম্যাচে দুর্দান্ত ব্রাজিলের দেখা মিলেছে। এবার টোকিওতে জাপানের মুখোমুখি হওয়ার আগে আনচেলত্তি জানালেন, ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়তে চান তিনি।

পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। যার সবশেষটি ২০০২ সালে। আনচেলত্তি সেলেসাওদের বিশ্বকাপ জেতাতে পারলে ইতিহাসই গড়বেন। কারণ, ব্রাজিল কখনো বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ জেতেনি। ছয় দশক পর প্রথমবারের মতো বিদেশি কোচ পেয়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে আজ ম্যাচ। তার আগে গতকাল সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমার লক্ষ্য হলো ব্রাজিল জাতীয় দলের জন্য সর্বোচ্চটা দেওয়া, খেলোয়াড়দের সেরা খেলাটা খেলানো এবং বিশ্বকাপ জেতা। হ্যাঁ, এখনো কোনো বিদেশি কোচ বিশ্বকাপ জেতেনি। কিন্তু জীবনে সব কিছুরই তো একটা প্রথমবার আছে।’

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছেন ১৮ বছর বয়সী এস্তেভাও, জোড়া গোল করেন তিনি। রিয়াল মাদ্রিদের জুটি রদ্রিগো (দুটি) ও ভিনিসিয়ুস জুনিয়র (একটি) গোল করেন। ব্রাজিল সমর্থকরা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দেখে বলছেন, জোগো বোনিতোর প্রত্যাবর্তন হয়েছে। তবে আনচেলত্তি বলেন, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সুন্দর ফুটবল খেলার দক্ষতা আছে, কিন্তু ‘সুন্দর ফুটবল’ বলতে আমরা কী বুঝি, সেটা গুরুত্বপূর্ণ। ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে দারুণ ব্যক্তিগত গুণাবলি আছে। কিন্তু ফুটবলে শুধু সুন্দর খেলা নয়, দলীয় সমন্বয় ও বল ছাড়াও মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ।’

২০২৬ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচগুলোতে দল নিয়ে পরীক্ষা চালাবেন আনচেলত্তি। এদিকে বাংলাদেশ সময় বুধবার সকালে মায়ামির চেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা খেলবে পুয়ের্তো রিকোর বিপক্ষে। এর আগে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা হারিয়েছে ভেনেজুয়েলাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত