ইউটিউবে ভিউ বাড়াতে ২৩ বছরের কিশোরকেও ছাড়ছে না –ক্ষোভ গম্ভীরের

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম

ভারতের সাবেক নির্বাচক ও ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তকে একহাত নিলেন দেশটির বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত দলে হর্ষিত রানা ও নীতীশ রেড্ডি জায়গা পাওয়ার পর তাদের নিয়ে শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে সমালোচনা করেছিলেন। সেই সমালোচনার জবাবেই সরাসরি পাল্টা আক্রমণ করলেন গম্ভীর।

দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে গম্ভীরকে হর্ষিত রানা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘সত্যি বলতে এটা ভীষণ লজ্জাজনক। একটা ২৩ বছরের ছেলেকে নিয়ে এভাবে সমালোচনা করা ঠিক নয়। কেউ যদি ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য এমনটা করেন, সেটা ভারতের ক্রিকেটের জন্য অপমানজনক। হর্ষিত নিজের যোগ্যতায় এখানে এসেছে—তার পেছনে কোনো সাবেক নির্বাচক, কোনো প্রভাবশালী ক্রিকেটার বা এনআরআই বাবা নেই। তাই তাকে লক্ষ্য করে এমন মন্তব্য করা অন্যায়।’

গম্ভীর আরও যোগ করেন, ‘সমালোচনা করতে হলে পারফরম্যান্স নিয়ে করুন, নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে করুন। কিন্তু একটা তরুণ খেলোয়াড়কে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা মানসিকভাবে ক্ষতি করে। আমি সমালোচনা সহ্য করতে পারি, কিন্তু তার বয়স এখনো ২৩। এই বয়সে এমন আক্রমণ অন্যায়। ভাবুন, আগামী দিনে যদি আরও কোনো তরুণ এমন সমালোচনার মুখে পড়ে, তাহলে তার মনোবল ভেঙে যাবে। আমাদের দায়িত্ব ওদের পাশে দাঁড়ানো, না যে ইউটিউবের জন্য ওদের ব্যবহার করা।’

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার পর শ্রীকান্ত বলেছিলেন, গম্ভীর কোচ বলেই হর্ষিত রানা দলে জায়গা পেয়েছেন, অন্য কেউ হলে নিতেন না। একইসঙ্গে তিনি নীতীশ রেড্ডিকেও সমালোচনার মুখে ফেলেছিলেন, বলেছিলেন, ‘নীতীশ পাণ্ড্যের বিকল্প হতে পারে না; সে মূলত ব্যাটার, জাদেজার মতো অলরাউন্ডার নয়।’

এই মন্তব্যের জবাবে গম্ভীর বলেন, ‘ভারতে এখন কয়জন পেস বোলিং অল-রাউন্ডার আছে? নীতীশ তাদের মধ্যে অন্যতম। আমরা তার দিকে নজর রাখছি। শুধু বিদেশে নয়, দেশের মাটিতেও তাকে খেলতে দেখাতে চাই। তার বয়স কম, সামনের দিনগুলোতে ও দীর্ঘ সময় ভারতের হয়ে খেলবে। তাই কে কী বলল, তা আমাদের ভাবায় না — আমরা তার ওপর আস্থা রাখি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত