কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল অস্ত্র উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রায় ১ কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি জাল নোট ও নকল অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৯।

সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকায় এই অভিযান চালানো হয়। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সম্মান এলাকার মোক্তাদির আলী (৩৪) এর বাড়িতে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে।

খবরের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার এবং সদর কোম্পানি সিলেটের যৌথ দল রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায়।

অভিযানে মোক্তাদিরের ঘরের ওয়ারড্রব থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দেশি ও ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। 

এ ছাড়া আসল সদৃশ ৫টি নকল বিদেশি পিস্তল এবং ৮ রাউন্ড নকল গুলিও উদ্ধার করা হয়। অভিযানে মোক্তাদির আলীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির জানায়, “গত তিন মাস ধরে আমি বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনের মাধ্যমে জাল টাকা ও নকল অস্ত্র কিনে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করতাম। 

ভিডিও কলের মাধ্যমে নকল অস্ত্র ও টাকা দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা তৈরি করতাম। অনেক সময় নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে আগাম টাকা নিয়ে প্রতারণা করতাম।”

গ্রেপ্তারকৃত মোক্তাদিরের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কুলাউড়া থানাে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত