বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বাসচালক কারাগারে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম

ঢাকা থেকে বগুড়া আসা আর কে ট্রাভেলসের বাসে এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টা করা হয়েছে। এঘটনায় বাসচালক সোহাইল হাসান শাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুর একটার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে অবস্থিত পর্যটন মোটেলের পশ্চিম পাশে গাড়ি ওয়াশের ডকে নিয়ে বাসের পিছনের সিটে এঘটনা ঘটে। এরপর রাত ৯টার দিকে টাঙ্গাইলের কালিহাতি এলেঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ বাসচালক শাকিবকে গ্রেপ্তার করে।

ঘটনায় ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুলছাত্রীর দুলাভাই ইউসুফ আলী বাদী হয়ে বাস চালক শাকিব ও হেলপার সৈকতসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। ধর্ষণ চেষ্টার শিকার স্কুলছাত্রী সিরাজগঞ্জের কামারখন্দ এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত বাসচালক বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জয়ন্তীবাড়ি এলাকার তোজাম্মেল হকের ছেলে।

শাজাহানপুর থানা পুলিশ সুত্রে জানা গেছে, ভুক্তভোগী সোমবার সকাল ১০টায় তার বন্ধুর সাথে সিরাজগঞ্জের কড্ডার মোর হতে বগুড়ার পথে আর.কে ট্রাভেলসের বাসে রওনা দেয়। শহরের বনানী মোরে হক পাম্পের সামনে সকল যাত্রীকে নামিয়ে দেয় এবং মেয়েটির বন্ধুকে জোর করে নামিয়ে দেয় চালক ও হেলপার। এসময় মেয়েটিকে নামতে না দিয়ে পর্যটন মোটেলের পশ্চিম পাশে গাড়ি ওয়াশের ডকে নিয়ে যায়।

সেখানে ওই বাসের পিছনের সিটে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। তার কিছুক্ষণ পর উক্ত চালক ও হেলপারের সাথে আরও ২/৩ জন অজ্ঞাতনামা আসামি যোগ দিয়ে তারা সকলে মিলে বাসের ভিতরে প্রবেশ করে। ঘটনাটি প্রকাশ না করতে ওই মেয়েকে নানা রকম ভয়ভীতি দেখায় তারা। তারপর গাড়ি ওয়াশ করা শেষে সকল আসামি মিলে ওই মেয়েকে উক্ত বাসে করে বগুড়া ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে নিয়ে আসে।

সেখানে তাকে গাড়ি থেকে নামিয়ে ঢাকাগামী অন্য একটি গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মেয়েটি ধর্ষণ চেষ্টার ঘটনা আর.কে ট্রাভেলসের বাসের কাউন্টারে গিয়ে জানায়। এসময় বিষয়টি জানাজানি হলে লোকজন থানায় সংবাদ দেয়। পরে শাজাহানপুর থানা পুলিশ সেখান থেকে মহিলা পুলিশের মাধ্যমে ওই মেয়েকে থানা হেফাজতে রাখে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে আড়াইটার দিকে আসামি শাকিবকে ডিবি পুলিশ শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মেয়েটির দুলাভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত