ফৌজদারি মামলার আসামির জামিননামা (বেইলবন্ড) কারাগারে অনলাইনে গ্রহণের প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে আজ বুধবার শুরু হচ্ছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে এ কথা জানান। অনুষ্ঠান শেষে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট) মিলনায়তনে “অ্যাটর্নি জেনারেল”স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ নজরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘কাল আমরা অনলাইন বেইলবন্ড উদ্বোধন করব। কোনো লোক জামিন পাওয়ার পর কারাগার থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা প্রত্যেকেই বিচারক। তাদের কাছে শুনলাম, ১২টি প্রক্রিয়ার (জামিন পাওয়ার পর জামিনামা কারাগার পর্যন্ত যেতে) মধ্য দিয়ে যেতে হয়। কোনো কোনো ধাপে টাকা দিতে হয়। ১২টা ধাপে সব সময় হয়রান হতে হয়।’
আসিফ নজরুল বলেন, ‘আগামীকাল (আজ) অনলাইনে বেইলবন্ডের পাইলট প্রকল্প আমরা চালু করছি। একটা ক্লিকে আদালতের রায় থেকে এটা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে। যে জেলখানায় আসামি আছে।’ তিনি বলেন, ‘আমরা অনলাইন বেইলবন্ড চালু করছি, আমরা আমাদের সরকারের টাকা দিয়ে এটা করেছি। কারও হেল্প (সহযোগিতা) লাগে না নিজেদের এ আত্মবিশ্বাস অর্জন করতে হবে।’
সরকারের অনেক টাকা আছে উল্লেখ করে আইন ও বিচার উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারের অনেক টাকা, বিশ্বাস করেন। প্রবাসী ব্যাংকে ১ হাজার ৬০০ কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিসে, রেজিস্ট্রার অফিসে, ১ হাজার ৫০০ কোটি টাকা আছে। কেউ খেয়াল করে না যে, আমরা নিজেদের টাকা ব্যবহার করে অনেক অনেক ভাল কাজ করতে পারি।’ তিনি বলেন, ‘আমাদের এই মানসিকতাও অর্জন করতে হবে যে, ইউএনডিপি বা ডেভেলপমেন্ট পার্টনার না থাকলেও যেন আমরা প্রোগ্রাম করতে পারি। আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেক সংস্কার কাজ করেছি। একদম নিজেরা করেছি। কারও কোনো সহযোগিতা ছাড়া।’
অনুষ্ঠান শেষে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রশ্নের জবাবে বলেন, ‘বিচার বিভাগ সচিবালয় আইন, গুমের আইন, দুর্নীতি দমন কমিশন আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন এগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন করবে।’ পৃথক সচিবালয়সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, ‘ইনশাল্লাহ আমাদের সময়েই হবে।’ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রিধারী ২৫ জন ৬ মাসের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেবে। এটি দেশের ইতিহাসে প্রথম। এ কর্মসূচিতে সহযোগিতা করছে ইউএনডিপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। বক্তব্য দেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস প্রমুখ।
