চাকসু হবে জাতীয় নির্বাচনের ‘রিহার্সাল’: উপাচার্য

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার এ নির্বাচনকে জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরির একটি রিহার্সাল হিসেবে আখ্যায়িত করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে চাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে উপাচার্য এ মন্তব্য করেন। 

তিনি বলেন, সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। এটি শিক্ষার্থীদের নির্বাচন এবং তারাই এ নির্বাচন চেয়েছিল। প্রচারণার সময় সবাই চমৎকারভাবে প্রচারণা চালিয়েছে। কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। তারা কোড অব কন্ডাক্ট মেনে অনুকূল নির্বাচনী পরিবেশ বজায় রেখেছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভোটদানে যেন কোনো অসুবিধা না হয়, সেটি আমাদের মাথায় ছিল। তাদের কী প্রয়োজন, কীভাবে তাদের সুবিধা হবে-সেই বিষয়গুলো আমরা পূরণ করেছি। পোলিং এজেন্টরা যাতে অবস্থান করতে পারে, প্রার্থীদের এজেন্টরা যাতে উপস্থিত থাকতে পারে, তা নিশ্চিত করা হয়েছে। ভোটারদের সুবিধার জন্য বৃত্ত ভরাট করারও ব্যবস্থা রাখা হয়েছে।

বুধবার সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ওএমআর ব্যালট পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ।

চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি ও প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত